আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেই নতুন বোলিং কোচ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গুঞ্জন উঠেছিল অস্ট্রেলিয়ান ড্রামিয়েন রাইটকে বোলিং কোচ নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। যদিও তেমনটা হচ্ছে না।
বাংলাদেশ যুব দলের সাবেক হেড কোচ রাইট মুস্তাফিজ-তাসকিদের বোলিং কোচ হচ্ছেন কি না, জানতে চাইলে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘নতুন বোলিং অস্ট্রেলিয়ান কেউ নন। অস্ট্রেলিয়ার বাইরের। আপনারা দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাবেন।’
এদিকে ফিল্ডিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ান শেন ম্যাকডারমটের নিয়োগ চূড়ান্ত হয়ে গেছে। নতুন বোলিং ও ফিল্ডিং কোচ দক্ষিণ আফ্রিকা সফরে টাইগার শিবিরে থাকবেন বলে নিশ্চিত করেছেন জালাল ইউনুস। এদিকে জাতীয় দলের নির্বাচক প্যানেলে এখনই কোনো পরিবর্তন হচ্ছে না, খোদ বিসিবি সভাপতিই তা নিশ্চিত করেছেন। নতুন করে নান্নু-হাবিবুলদের সঙ্গে চুক্তি হবে। সেই চুক্তির মেয়াদ কত বছর বা মাস হবে? জালাল ইউনুস বলেছেন, ‘তাদের সঙ্গে নতুন চুক্তি হবে। দ্রুতই এটা ঠিক হয়ে যাবে।’
