কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব-১৫। সেখানে অভিযানে ৫টি অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধারসহ অস্ত্র তৈরির এক কারিগরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৩ মার্চ) মাঝরাত পর্যন্ত অভিযানের পর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার।
আটক অস্ত্র কারিগর দেলোয়ার হোসেন (৪৫) টৈটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, জলদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।
র্যাব অধিনায়ক জানান, বৃহস্পতিবার বিকেল হতে টানা ৫ ঘণ্টার অভিযানের সমাপ্তি ঘটে মাঝ রাতে। এ সময় অস্ত্র কারখানা থেকে ৫টি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেলোয়ারকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এসব অস্ত্র মাদক পাচার, জলদস্যুতা ও বনদস্যুতায় ব্যবহার করা হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
