রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রতিবাদে বাংলাদেশের ২১ জন লেখক একটি বিবৃতি প্রদান করেছেন। শুক্রবার (৪ মার্চ) কবি, লেখক ও অধিকারকর্মী শাহেদ কায়েস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। দাবি করছি অবিলম্বে ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য ফিরিয়ে আনা হোক ও আলোচনার মাধ্যমে চলমান সংকটের নিষ্পত্তি করা হোক।
যেকোনো অজুহাতে কোনো রাষ্ট্রে বা জনগোষ্ঠীর ওপর সশস্ত্র হামলা সভ্যতা সম্মত নয় উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়, একটি স্বাধীন দেশের মানুষের অধিকার আছে স্বকীয়ভাবে বাঁচার ও সিদ্ধান্ত গ্রহণের। যুদ্ধ কখনোই মানবজাতির জন্য মঙ্গল বয়ে আনে না।
আমেরিকা ও ইউরোপসহ পৃথিবীর সকল রাষ্ট্রের কাছে উস্কানিমূলক ভূমিকা নয়, গঠনমূলক ইতিবাচক উদ্যোগ কামনা করা হয় ওই বিবৃতিতে।
ইউক্রেনের জনগণের আত্মরক্ষার অধিকারকে সমর্থন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন লেখকরা।
বিবৃতিতে স্বাক্ষরকারী হলেন-জাকির তালুকদার, হাফিজ রশিদ খান, পারভেজ হোসেন শাহনাজ মুন্নী, আহমাদ মোস্তফা কামাল, আলফ্রেড খোকন, কবির হুমায়ূন, শামীম রেজা, চঞ্চল আশরাফ, শোয়াইব জিবরান, ওবায়েদ আকাশ, জফির সেতু, পাপড়ি রহমান, জোবাইদা নাসরীন, রুমা মোদক, রাজীব নূর, শাহেদ কায়েস, সৈকত হাবীব, কাজল কানন, হেনরী স্বপন ও আফরোজা সোমা।
