অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের বন্যাকবলিত এলাকাগুলোতে আরো বৃষ্টির পূর্বাভাস আসায় সবাইকে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এতে ঐ এলাকায় ত্রাণ উদ্যোগ বিঘ্নিত হতে পারে। দেশটির সামরিক বাহিনীর সদস্যরা কয়েক দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত শহরগুলোতে পৌঁছানোর চেষ্টায় থাকার মধ্যেই এ সতর্কতা জানাল হলো।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের দক্ষিণাঞ্চলে ও প্রতিবেশী নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এক বছরের মোট বৃষ্টিপাতের চেয়েও বেশি বৃষ্টি হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ব্যাপক বন্যা ও ঢলে বহু বাড়িঘর, গবাদিপশু ভেসে যায়; সড়ক নষ্ট হয়। কয়েক হাজার মানুষ বাড়িঘর হারিয়ে অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়। প্লাবন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।
অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির কিছু অংশে বন্যা সতর্কতা কিছুটা শিথিল করা হলেও আবহাওয়া ব্যুরো জানিয়েছে, নতুন আরেকটি নিম্নচাপের কারণে রবিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ?ডিন নাররামোর বলেন, ‘নিউ সাউথ ওয়েলসের পূর্বাংশে আমরা যারা আছি তাদের জন্য এটা ভালো কোনো খবর না। পরিস্থিতি ইতিমধ্যেই নাজুক হয়ে আছে।’
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের গ্রীষ্মকাল লা নিনা আবহাওয়া ধরনের কবলে পড়েছে। অতিরিক্ত বৃষ্টি আবহাওয়ার এই ধরনের বৈশিষ্ট্য। জরুরি বিভাগ সতর্ক করে বলেছে, বজ্রপাত ও বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিতে অতিরিক্ত ঝুঁকি তৈরি হতে পারে।
