র্যাংকিংয়ে উন্নতির হাতছানি ছিল ওয়ানডে সিরিজে। টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করার পর র্যাংকিংয়ের ছয়ে উঠতে প্রয়োজন ছিল আফগানদের হোয়াইটওয়াশ করা। কিন্তু একদিনের ক্রিকেটে সেই লক্ষ্য অর্জন করতে পারেনি বাংলাদেশ দল। শেষ ম্যাচে হেরে গিয়েছিল তামিম বাহিনী। এবার একই প্রতিপক্ষের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।
সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। দুই ম্যাচের সিরিজ নিশ্চিত করতে আজ জয়ের বিকল্প নেই মাহমুদউল্লাহ রিয়াদের দলের সামনে। আফগানদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের আশায় আজ আবারও মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বেলা ৩টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় টি-২০ ম্যাচ।
প্রথম ম্যাচ জিতে টি-২০ র্যাংকিংয়ের আটে উন্নীত হয়েছে বাংলাদেশ (রেটিং পয়েন্ট ২৩২)। ম্যাচ হেরে ২৩০ রেটিং পয়েন্ট নিয়ে আফগানরা চলে গেছে নয় নম্বরে। আজ সিরিজ জিতলে আট নম্বরে টাইগারদের স্থানটা পাকা হবে। আফগানরা চলে যাবে ১০ নম্বরে। অন্যদিকে, আজ বাংলাদেশ হারলে আবারও নয়ে নেমে যাবে, আফগানিস্তান আটে উঠে যাবে।
সিরিজে এগিয়ে থাকলেও নির্ভার নয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। ইনজুরি কাটিয়ে ক্যারিয়ারের শততম টি-২০ খেলতে নামতে পারেন মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহর পর তিনিই হতে যাচ্ছেন দেশের হয়ে শততম টি-২০ ম্যাচ খেলা দ্বিতীয় ক্রিকেটার।
গতকাল বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেছেন, ‘এটা দুই ম্যাচের সিরিজ। আমাদের যদি সিরিজ জিততে হয়, এই ম্যাচটা আমাদের জিততে হবে। এই দিক থেকে আমরা কাউকে বিশ্রাম দেবো না, আমাদের সেরা একাদশই খেলাবো।’
প্রথম ম্যাচে নাসুম আহমেদের ম্যাজিক স্পেলই ব্যবধান গড়েছিল। লিটন দাস হাফ সেঞ্চুরি করলেও ব্যাটিংটা জমাট হয়নি বাংলাদেশের। তাই জিতলেও দলগত পারফরম্যান্সে উন্নতির দিকেই নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
মিরপুর স্টেডিয়ামে হেরাথ বলেন, ‘প্ল্যানিংয়ের দিক থেকে যদি বলি, আমরা গতকাল (বৃহস্পতিবার) ভালো করেছিলাম। সব সময় উন্নতির বিষয় কিছুটা থাকে। এই বিষয়ে আমরা ছেলেদের সঙ্গে কথা বলেছি, আমরা কোথায় উন্নতি করতে পারি, আমরা তাদের সঙ্গে আলাপ করেছি। আমি নিশ্চিত ব্যাটার, বোলারদের জন্য উন্নতির কিছু আছে। আমাদের সেটা করতে হবে। আমাদের প্ল্যানে সেই স্বচ্ছতা আছে এবং তা কাল (আজ) বাস্তবায়ন করবো।’
ওপেনার নাঈম শেখকে নিয়ে সমালোচনা থামছেই না। প্রথম ম্যাচে ৫ বলে ২ রান করে আউট হয়েছিলেন। টি-২০ তে তার ব্যাটিং স্টাইল, ধীরলয়ের ব্যাটিং নিয়ে সমালোচনা বিস্তর। তারপরও ডমিঙ্গোদের মতোই হেরাথ আস্থা রাখতে চান বাঁহাতি এ ওপেনারের ওপর। গতকাল অনুশীলনের পর লঙ্কান এ কোচ বলেছেন, ‘দুই মাস আগে যদি খেয়াল করি, সে ভালো করেছে। তার মানে সে ভালো ব্যাটিং করার সামর্থ্য রাখে। আন্তর্জাতিক ক্রিকেটে আমি সবসময় দেখি মানসিক ও ট্যাকটিক্যাল দিক, এই দিক থেকে বলব সবারই উন্নতির জায়গা আছে। অবশ্যই যদি কিছু করার থাকে, আমরা তা করবো।’
