রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ায় সামরিক আইন জারি ঘোষণা করার পরিকল্পনা তার নেই। শনিবার (৫ মার্চ) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লটের জন্য কাজ করা ব্যক্তিদের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, শুধুমাত্র এই পদক্ষেপ 'বহিরাগত আগ্রাসনের ক্ষেত্রে, সামরিক কার্যকলাপের নির্ধারিত এলাকায়' নেওয়া হবে।
পুতিন আরও বলেছেন, কিন্তু আমাদের এমন পরিস্থিতি নেই এবং আমি আশা করি এমন হবে না।
এর আগে গুজব ওঠে পুতিন সামরিক আইন জারির পরিকল্পনা করছেন। এরি মধ্যে পুতিন এই ঘোষণা দিলেন।
এদিকে ইউক্রেনে দখলকৃত দুই শহর মারিউপোল ও ভলনোভাখায় আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। আজ শনিবার (৫ মার্চ) দেওয়া এক ঘোষণায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা শহর থেকে যেন মানবিক করিডোর বের হতে পারে, সে জন্য এ সিদ্ধান্ত। তবে ইউক্রেন অভিযোগ করেছে, দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও তা মানা হচ্ছে না।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই শহরের ওপর গোলাবর্ষণ এখনও চলছে।
