রবীন্দ্র জাদেজার ক্যারিয়ার সেরা ইনিংসের সুবাদে মোহালি টেস্টে শ্রীলংকার বিপক্ষে রানের পাহাড় গড়েছে ভারত। জাদেজা অপরাজিত ১৭৫ রানের কল্যাণে ৮ উইকেটে ৫৭৪ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১০৮ রান করেছে শ্রীলংকা। ৬ উইকেট হাতে নিয়ে এখনও ৪৬৬ রানে পিছিয়ে সফরকারী লংকানরা।
বিরাট কোহলির শততম টেস্টের প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৬ উইকেটে ৩৫৭ রান তুলেছিল ভারত। ৯৬ রান করে ফিরেন উইকেটরক্ষক পান্থ। জাদেজা ৪৫ ও রবীন্দ্রন অশ্বিন ১০ রানে অপরাজিত ছিলেন। পান্থের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১০৪ রানের জুটি পর সপ্তম উইকেটে অশ্বিনকে নিয়ে ১৩০ রান তুলেন জাদেজা। অশ্বিন ৬১ রানে আউট হন। তখন সেঞ্চুরি থেকে ১ রান দূরে জাদেজা। ভারতীয় ইনিংসের ১১১তম ওভারে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন জাদেজা। ১৬০ বলে তিন অংকে পা রাখেন তিনি। এর আগে ২০১৮ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে প্রথম সেঞ্চুরি করেছিলেন জাদেজা।
সেঞ্চুরির পর ব্যাট হাতে দ্রুত রান তুলেছেন জাদেজা। নবম উইকেটে মোহাম্মদ সামির সাথে ৯৪ বলে ১০৩ রান তুলেন জাদেজা। শেষ পর্যন্ত ২২৮ বলে ১৭টি চার ও ৩টি ছক্কায় ১৭৫ রানের ইনিংসটি সাজান তিনি। ২০ রানে অপরাজিত থাকেন সামি। শ্রীলংকার এম্বুলদেনিয়া-লাকমাল ও ফার্নান্দো ২টি করে উইকেট নেন।
ভারতের ইনিংস ঘোষণার পর ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেননি শ্রীলংকা। ১০৮ রান তুলতে ৪ উইকেট হারায় তারা। ভারতের অশ্বিন ২টি, বুমরাহ-জাদেজা ১টি করে উইকেট নেন।
শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে ২৮, লাহিরু থিরিমান্নে ১৭, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২২ ও ধনাঞ্জয়া ডি সলভা ১ রান করে আউট হন। পাথুম নিশাঙ্কা ২৬ ও চারিথ আসালঙ্কা ১ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫৭৪/৮ ডি, ১২৯.২ ওভার (জাদেজা ১৭৫*, পান্থ ৯৬, লাকমাল ২/৯০)
শ্রীলংকা : ১০৮/৪ ডি, ৪৩ ওভার (করুনারত্নে ২৮, নিশাঙ্কা ২৬*, অশ্বিন ২/২১)
