কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যসহ ৬ জনকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এসময় ইয়াবা, ছুরি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) দিনগত রাতে পৃথক অভিযানে এদের আটক ও মাদকসহ অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি বিল্লাল হোসেন।
আটকরা হলো, কক্সবাজার পৌরসভার পাহাড়তলীর মৃত জাকির হোসেনের ছেলে মো. সোহেল (২২), নুরুল ইসলামের ছেলে নুর হাশেম (২৮), খুরুশকুলের কালু ফকিরপাড়ার চাক মনি সওদাগরের ছেলে তৈয়ব (৩০), জহির আলমের ছেলে রবিউল করিম (২২) ও নুরুল ইসলামের ছেলে নুরুল কবির (২২)। তারা আটক সোহেলের নেতৃত্বে শহরে ছিনতাই-চুরিসহ নানা অপরাধ কর্মকাণ্ড করে আসছিলো।
অপর আটক, নাফিস ইকবাল (২৪), পৌরসভার ১২ নং ওয়ার্ডের লাইট হাউজ পাড়ার মো. সিরাজুল ইসলামের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি বিল্লাল হোসেন জানান, শনিবার রাতে খবর আসে শহরের পাহাড়তলীর মফিজুর রহমানের টিলা নামক স্থানে কিছু অপরাধী অবস্থান করছে। এমন খবরে অভিযানে যায় র্যাব। অভিযানকালে র্যাব-১৫ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন যুবক ও কিশোর পলায়নের চেষ্টাকালে ৫ জনকে আটক করতে সক্ষম হয়। গভীর রাতে উক্ত স্থানে অবস্থানের কারণ জিজ্ঞাসাবাদে তারা কোনো সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়। আভিযানিক দলের নিকট থাকা টর্চ লাইটের আলোতে আটক কিশোর ও যুবকদের কাছে ১৭০ পিস ইয়াবা, ১টি ছোরা পাওয়া গেছে।
তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে ছিনতাইসহ নানা অপরাধ কাণ্ড ঘটায় বলে স্বীকার করেছে।
অপরদিকে, রবিবার (৬ মার্চ) ভোর সাড়ে তিনটায় র্যাব-১৫ এর আভিযানিক দল কক্সবাজার পৌরসভার, ১২ নং ওয়ার্ডের, লাইট হাউজস্থ একটি বাড়িতে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে নাফিস ইকবালকে আটক করা হয়। ধৃত ব্যক্তির শয়নকক্ষ তল্লাশি করে খাটের তোষকের নিচ হতে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৩ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাফিস মাদক ব্যবসাসহ অবৈধ অস্ত্র দ্বারা দীর্ঘদিন যাবৎ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
