জাদেজা নৈপুণ্যে লঙ্কানদের ইনিংস হারের লজ্জা দিলো ভারত

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৭:১৪

ম্যাচটি ছিল বিরাট কোহলির শততম টেস্ট। সেই অনুযায়ী সব রকমেরই আয়োজন করা হয়। কিন্তু ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। অন্যদিকে, অতিমানবীয় পারফরম্যান্স করে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। মাত্র তিন দিনেই শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত।

মোহালি টেস্টে আজ (৬ মার্চ) তৃতীয় দিন সকালে নিজেদের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান নিয়ে ব্যাট করতে নামে শ্রীলংকা। ভারত থেকে তখনো তারা ৪৬৬ রানে পিছিয়ে ছিল। কিন্তু সেই রান তাড়া তো দূরে থাক, স্কোরবোর্ডে আর মাত্র ৬৬ রান যোগ করতেই অলআউট হয়ে যায় তারা।

তখন লঙ্কানদের আবারও ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে লড়াই করতে পারেনি সফরকারীরা। স্বাগতিকদের বোলিং তোপে মাত্র ১৭৮ রানে অলআউট হয়ে যায় তারা। এতে ইনিংস ও ২২২ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারত।

প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান করার পর বল হাতে পাঁচ উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে তিনি আরও ৪ উইকেট নেন। এতে দুই ইনিংস মিলিয়ে একাই প্রতিপক্ষের ৯ উইকেট শিকার করে ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত (প্রথম ইনিংস): ৫৭৪/৮ ডি.
জাদেজা ১৭৫*, পান্ট ৯৬, অশ্বিন ৬১
সুরঙ্গা লাকমল ২/৯০, ২/১৩৫

শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ১৭৪/১০
নিসাঙ্কা ৬১, আসালাঙ্কা ২৯, করুণারাত্নে ২৮
জাদেজা ৫/৪১, বুমরা ২/৩৬

শ্রীলঙ্কা (দ্বিতীয় ইনিংস): ১৭৮/১০
ডিকওয়েলা ৫১*, ডি সিলভা ৩০, ম্যাথুস ২৮
জাদেজা ৪/৪৬, অশ্বিন ৪/৪৭

ইত্তেফাক/টিএ