মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। এর মধ্যদিয়ে আগামীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব হবে।
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উদযাপন উপলক্ষে রবিবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আয়োজিত জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, বোনাস চালু, ঘর নির্মাণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। আগামীতে আরও কী কী করা যায় সে বিষয়েও চলছে বিভিন্ন পরিকল্পনা।
কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংবর্ধনা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. বাসুদেবচন্দ্র ঘোষ।
অনুষ্ঠানে ৪৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতাযুদ্ধের সময়কার ঘটনা স্মৃতিচারণ করেন।

বিএনপির আমলে পাটশিল্প ছিল ধ্বংসের মুখে: কৃষিমন্ত্রী