ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু পর থেকে এখন পর্যন্ত ৩৬৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭৫৯ জন। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, রুশ আগ্রাসনের ১১ দিন গড়ালেও এখনো উত্তেজনা কমার কোনো চিহ্ন নেই। রুশ সেনাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিরাপত্তা বাহিনীও। দুইপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে গত ১১ দিন ধরে। এর মাঝে রবিবার (৬ মার্চ) পর্যন্ত ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
শনিবার (৫ মার্চ) ইউক্রেনের ২ শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। এরপর মানবিক করিডোর চালু করা হয় সেখানে। তা সত্ত্বেও ইউক্রেনে হামলা অব্যাহত রাখে রাশিয়া, এমন অভিযোগ করছে ইউক্রেন। যুদ্ধ থামাতে ইউক্রেনের প্রেসিডেন্ট পশ্চিমা দেশগুলোর সহযোগিতা চাইছেন বারবার।
তবে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা রাষ্ট্রগুলো রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করলেও তা পাত্তাই দিচ্ছেন না ভ্লাদিমির পুতিন।
মস্কো এবং কিয়েভের যুদ্ধবিরতি পরিকল্পনা ভেসতে যাওয়ার জন্য একে অপরকে দোষারোপ করে আসছে। যেখানে মারিওপোল ও ভলনোভাখায় মানবিক করিডোর দিয়ে রাশিয়ার সেনাদের দ্বারা অবরুদ্ধ এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সম্মত হয় দুদেশ। তবে জানা গেছে, সোমবার আরেক দফা আলোচনায় বসতে পারে দুই দেশের প্রতিনিধিরা।
