বিশ্বের দ্বিতীয় সর্ববৃহত্ অর্থনীতির দেশ চীন এবার গত তিন দশকের মধ্যে সবচেয় কম প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশটি চলতি বছরের জন্য সাড়ে ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। যদিও গত বছর, অর্থাত্ ২০২১ সালে দেশটির ৮ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, করোনার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে গিয়ে প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখতে দেশটির নীতিনির্ধারকেরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তাছাড়া ইউক্রেন-সংকটের কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার বিষয়টিও প্রবৃদ্ধির গতি কমিয়ে দিতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে বাজেট ঘাটতি জিডিপির ২ দশমিক ৮ শতাংশে রাখা সম্ভব হবে বলে নীতিনির্ধারকেরা প্রত্যাশা করেছেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর বিশ্বব্যাপী নিত্যপণ্যের দাম বেড়েছে। জ্বালানি তেল ও গমের মূল্য এখন এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, ইউক্রেনের যুদ্ধ এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাগুলো সাপ্লাই চেইনের সংকট আরো বাড়িয়ে তুলতে পারে। তাছাড়া গম রপ্তানির পাশাপাশি প্রধান নিয়ন রপ্তানিকারক দেশও ইউক্রেন। এই নিয়ন প্রযুক্তি পণ্যের চিপ তৈরিতে ব্যবহৃত হয়।
