অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কলেজশিক্ষকের মৃত্যু

আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৭:৪০

খুলনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নাজমুল ইসলাম (৩৫) নামের এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ মার্চ) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাজমুল ইসলাম ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তার বাড়ি যশোর শহরে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

চুকনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম জানান, গত রবিবার নাজমুল ইসলাম কলেজের ক্লাস শেষ করে দুপুর ১টার দিকে আল আরাফাহ ইসলামি ব্যাংক চুকনগর শাখা থেকে ৭০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর সেই টাকা নিয়ে খুলনা ন্যাশনাল ইউনিভার্সিটিতে খাতা আনতে যাওয়ার জন্য চুকনগর বাজার থেকে বাসে ওঠেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে টাকা নিয়ে যায়। দুপুর ৩টার দিকে বাস খুলনায় পৌঁছালে বাসের লোকজন তাকে সিটের উপর অজ্ঞান অবস্থায় দেখে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘হাসপাতালে খোঁজ নিয়ে তারপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/এসজেড