রুবেল কান্তি নাথ
v প্রতিনিয়ত দেশে সড়ক দুর্ঘটনার হার বাড়ছে। গড়ে দশ-বিশটা দুর্ঘটনা নাকি ঘটেই চলেছে। এতে করে প্রাণ হারাচ্ছে কিছু নিরীহ মানুষ। কিছুতেই নাকি এহেন ঘটনা রোধ করা যাচ্ছে না।
—তাতে আমার কী, আমি তো আর জেগে গাড়ি চালাই না। চোখ বন্ধ করে ঘুমিয়ে গাড়ি চালাই।
v ইন্টারনেট, ফেসবুকে মানুষ দিন-দিন আসক্ত হয়ে পড়ছে। হেরোইন, আফিমের চেয়েও যে নেশা কোনো অংশে কম ভয়ংকর নয়। এই নেশার কবলে পড়েছে ছেলে, বুড়ো সবাই। ভবিষ্যতে এটা একটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
—তাতে আমার কী, আমি তো আর সারাদিন এসব করি না। দিনে মাত্র চব্বিশ ঘণ্টা ফেসবুক চালাই।
v দেশে জনসংখ্যার হার বেড়ে চলেছে। তাতে করে বাড়ছে বেকারত্বের সংখ্যা। কল্পনাতীতভাবে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। অস্থিতিশীল হয়ে পড়ছে পুরো দেশের অর্থনৈতিক ব্যবস্থা।
—তাতে আমার কী, আমার তো ছোট পরিবার। মাত্র দুইটা বউ, চারটা ছেলে ও তিনটা মেয়ে।
v চায়ের নেশা ধরেছে। বাসায় দেখি চা পাতা নাই। পাশের বাসার ভাবির কাছে কয়েকবার চাইতে গেছি। দেন নাই। আরেকবার যাব, দিলে দেবেন না দিলে চা পাতা ছাড়াই চা বানিয়ে খাব।
—কারো কাছে কিছু চাইতে আমার আবার ভীষণ লজ্জা লাগে।
v লুঙ্গিটা ছিঁড়ে গেছে। সেটা দিয়ে গামছা বানিয়েছি। গামছাটা ছিঁড়ে যাওয়ার পর সেটা দিয়ে রুমাল। সেটাও ছিঁড়ে গেছে। এবার ওটা আগুনে পুড়িয়ে ছাই বানাব। সেই ছাই দিয়ে দাঁত মাজব। দাঁত পরিষ্কার হলে হবে না হলে একটা মাজন কিনে নেবো।
—আমি আবার অত কৃপণ না।
