সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। সোমবার (৭ মার্চ) সকালে দূতাবাসের অডিটোরিয়ামে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এম পি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পূর্বে অনেকেই তাকে অনেক রকম পরামর্শ দিয়েছিলেন। সেদিন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুকে বলেছিলেন-তুমি মন থেকে যা বিশ্বাস করো, সেই বিশ্বাস থেকেই আগামীকাল বক্তৃতা করবে। বঙ্গবন্ধু সেভাবেই তার বিশ্বাস ও হৃদয়ের গভীর থেকে সেদিন ভাষণ দিয়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমাদের জাতীয় জীবনে মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনকালে তিনি বাংলাদেশের সব খাতের উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠতো।
সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, বিশ্বের শ্রেষ্ঠতম ভাষণগুলোর মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ অন্যতম। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি ছিল প্রাজ্ঞ ও কৌশলী ভাষণ। তাই পৃথিবীর অনেক রাষ্ট্রবিজ্ঞানী, রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক ৭ মার্চের ভাষণ নিয়ে বহুমাত্রিক আলোচনা করেছেন।
আলোচনা অনুষ্ঠানে সৌদি আরব সফররত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে রিয়াদ প্রবাসী মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ী এম এ জলিল, এম আর মাহবুব, ও আব্দুস সালাম বক্তব্য প্রদান করেন। এ সময় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদর্শন করা হয়। দূতাবাসের কাউন্সেলর মো. বেলাল হোসেন অনুষ্ঠান উপস্থাপনা করেন।
এর আগে দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এছাড়া দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
