‘মানবিক করিডোর’ দিতে রাজি মস্কো

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১২:৫৯

মঙ্গলবার (৮ মার্চ) রাশিয়ান সময় সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় দুপুর একটা) একটি ‘সাইলেন্ট রেজিম’ ঘোষণা করবে রাশিয়া পাশাপাশি বেসামরিক মানুষজনকে সরে যেতে 'মানবিক করিডোর' দিতে প্রস্তুত দেশটি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আর টি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আর টি জানায়, কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের বেসামরিক বাসিন্দাদের সরে যেতে 'মানবিক করিডোর' দেয়ার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে মস্কো যেসব করিডোর ঘোষণা করেছে, তার বেশিরভাগ রাশিয়ার দিকে গেছে। গতকাল এরকম একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল কিয়েভের সরকার।

রাশিয়ার আজকের ঘোষণার বিষয়ে এখনো ইউক্রেন কোন মন্তব্য করেনি। বেসামরিক মানুষজনকে সরিয়ে নিতে এর আগে কয়েকদফা উদ্যোগ নেয়া হলেও তা কার্যকর হয়নি। ব্যর্থতার জন্য দুই পক্ষই একে অপরকে দোষারোপ করেছে।

ইত্তেফাক/এএইচপি