কলেজের জমিতে দোকান নির্মাণের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৪:৩৩

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কলেজের জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে লাজিব উদ্দীন কালঠু নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। 

রত্নাই বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আলী গত শনিবার (৫ মার্চ) নির্মাণকাজ বন্ধসহ কলেজের জমি উদ্ধারের জন্য বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালিয়াডাঙ্গী থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। 

সোমবার (৭ মার্চ) সকালে অধ্যক্ষ আব্দুল আলী জানান, প্রভাব খাটিয়ে কলেজের দোতলা ভবনের পশ্চিম পার্শ্বের দেয়াল ব্যবহার করে ৩০ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্ত কয়েকটি দোকান ঘর নির্মাণ কাজ করছেন। দোকানঘরগুলো নির্মাণ করা হলে কলেজের শিক্ষার পরিবেশ হুমকির মুখে পড়বে। নির্মাণ কাজ বন্ধ এবং জমি উদ্ধারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে আমি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ করেছি। 

স্থানীয়রা জানায়, দোকানঘরগুলো নির্মাণ করা হচ্ছে অর্ধেক বিদ্যালয় ও অর্ধেক সরকারি রাস্তার ওপর। দোকানঘরগুলোতে ব্যবসা-বাণিজ্য শুরু হলে শিক্ষার্থীদের পাশাপাশি পথচারীদেরও চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে। 

তবে দোকান নির্মাণের জায়গাটুকু নিজের জমি দাবি করে আমজানখোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লাজিব উদ্দীন কালঠু বলেন, কলেজের ২৯ শতক জমি আমার। এখনো কলেজকে রেজিস্ট্রি করে দিইনি। কলেজের ভবন নির্মাণ করা হয়েছে আমার জমিতে। ভবন নির্মাণের সময় কলেজ কর্তৃপক্ষকে দোকান ঘর নির্মাণ করার কথা বলেছিলাম। 

তিনি আরও বলেন, কলেজের গভর্নিং বডির সভাপতি আমাকে ফোন দিয়েছিলেন। বর্তমানে নির্মাণ কাজ বন্ধ আছে। বিষয়টি বসে মীমাংসা করা হবে। 

বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাবু বলেন, কোন নেতাকর্মী দলের প্রভাব খাটিয়ে অপরাধ করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

ইত্তেফাক/এএএম