এখনো বাংলাদেশের হয়ে খেলতে চান সুজন

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৬:৩২

সাকিব ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেট পাড়া। ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে বিশ্বসেরা অলরাউন্ডার বলে গেছেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক অবস্থা এখন তার নেই। কিছুদিন বিরতি দরকার। এরপর থেকেই পুরো দেশের আলোচনার বিষয়বস্তু সাকিব আল হাসান। সবার একটাই প্রশ্ন, সাকিব কি দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন, না কি তাকে ছুটি দেবে বিসিবি?

এর মধ্যেই গতকাল সোমবার সংবাদ সম্মেলন করেছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ইস্যুটি নিয়ে তিনি বেশ ক্ষোভ ঝেড়েছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। গত বিপিএলে ফরচুন বরিশালের কোচ ছিলেন তিনি। আর সেই দলের অধিনায়ক ছিলেন সাকিব।

মঙ্গলবার (৮ মার্চ) মিরপুরে সাংবাদিকদের খালেদ মাহমুদ সুজন বলেন, দেশের হয়ে খেলার চাইতে আনন্দের কিছু নেই। তাইতো বিভিন্ন ফরম্যাট খেলতে ক্রিকেটারদের অনীহা তাকে বেশ অবাক করেছে। সাকিবের এমন অবস্থান তিনি মানতে পারছেন না।

বিসিবির এই পরিচালক বলেন, ‘সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, ওরা তো বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইন ধরেই আজকের অবস্থানে এসেছে। ওদের পেছনে অনেক বিনিয়োগ। বাংলাদেশের যখন প্রয়োজন তখন তো তাদের পাবার কথা। এটা তো কারো ব্যক্তিগত দল না, পাপন ভাইয়ের দল না। এটা বাংলাদেশ দল এবং সেই দলের হয়ে খেলার মতো আনন্দ আর কিছুতে থাকার কথা না।’

একটা সময় বাংলােদেশ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সুজন। বয়স এখন ৫১ হয়ে গেছে। তবু না কি তার এখনো ইচ্ছে করে দেশের হয়ে খেলার। তিনি বলেন, ‘আমি অন্য কারো মনের মধ্যে যেতে পারবো না। আমি এখনো খেলতে চাই, আমার বয়স ৫১ হলেও মন চায় বাংলাদেশের হয়ে খেলি। জুনিয়র একটা ছেলেকে জোর করে খেলানো যায়। কিন্তু ৩৭ বছরের একজনকে জোর করতে পারবেন?’

ইত্তেফাক/টিএ