মহতের লজ্জা

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৮:১৪

 

ব্রত রায়

 

হারুনুর রশীদের নাম শোনা আছে?

শ্রদ্ধেয় তিনি বহু মানুষের কাছে।

খলিফা ছিলেন তিনি বহুদিন আগে

এসব জানতে বাপু পড়াশোনা লাগে।

একদা এলেন এক মরুবাসী জন

সঙ্গে আনেন তিনি উপঢৌকন।

উপহার কিছু নয়—এক জালা পানি

খুলতেই সভাসদ করে কানাকানি।

খলিফা দিলেন তাকে ইনাম প্রচুর

বললেন, ‘যেও নাকো আর বেশি দূর!

এইবেলা সরাসরি বাড়ি যাও ফিরে।’

সম্মত হয়ে তিনি চলে যান ধীরে।

লোকটি বিদায় নিতে সভাসদ কয়,

‘হুজুর বলুন খুলে আসল বিষয়।

এমন নোংরা পানি ... তবুও ইনাম?

আজকাল সততার নেই বুঝি দাম?’

খলিফা বলেন হেসে, ‘শোনো সভাসদ

আর যা-ই হোক এই লোক নয় বদ।

নিজের জীবনে ভালো পানি খায়নি যে

বুঝবে কেমন করে স্বাদ তার কী যে?

জানো তো এখান থেকে দক্ষিণে গেলে

আরো বেশি মিষ্টি ও ভালো পানি মেলে!

লোকটি ওদিকে গেলে ভালো পানি পেত

পান করে পড়ে যেত লজ্জায় সে তো!

তার সেই লজ্জা যে লজ্জা আমারও

অজ্ঞতা নয় জেনো অপরাধ কারো!’

ভালো পানি কারে কয় যার নাই জানা

ভাবছো সহজ কাজ তারে পথে আনা?