আসন্ন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অংশ নেবে না প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। এবার দলবদলেও অংশ নেয়নি ক্লাবটি। তাই ১১ ক্লাব নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। গতকাল ক্লাবটির ম্যানেজার মোস্তাক আহমেদ নিশ্চিত করেছেন, প্রিমিয়ার লিগে দল না গড়ার সিদ্ধান্তে তারা অনড়। আর্থিক সংকটই এর মূলে রয়েছে। তিনি বলেন, ‘না, এবার আমরা দল করছি না। এটা বলে দিয়েছি সিসিডিএমকে।’
প্রিমিয়ার লিগে অংশ না নেওয়ার শাস্তি সম্পর্কেও অবগত ক্লাবটি। মোস্তাক আহমেদ বললেন, ‘না খেললে হয়তো রেলিগেটেড হবে দল। প্রিমিয়ার থেকে প্রথম বিভাগে নেমে যেতে পারে। এটাই জানি।’
যদিও লিগের নিয়ন্ত্রক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) প্রাইম দোলেশ্বরের অপেক্ষায় রয়েছে। শেষ পর্যন্ত তাদের অবস্থান দেখতে চায় সিসিডিএম। তাই এখনো সূচি চূড়ান্ত করা হয়নি।
এদিকে, এক আসর পর প্রিমিয়ার লিগে ফিরছে বিদেশি ক্রিকেটার কোটা। এক জন করে বিদেশি ক্রিকেটার একাদশে রাখতে পারবে প্রতিটি ক্লাব। তবে রেজিস্ট্রেশন করা যাবে দুজন ক্রিকেটার। প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে আগামী ১৫ মার্চ। ক্লাবগুলোও বিদেশি ক্রিকেটারের সন্ধানে নেমে পড়েছে।
আবাহনীর ম্যানেজার শেখ মামুন গতকাল জানিয়েছেন, লিগের শুরু থেকে আফগান ব্যাটার নাজিবউল্লাহ জাদরান খেলবেন। বাংলাদেশ সফরের খেলা শেষে স্বদেশে ফিরে গেলেও আগামী ১০ মার্চের পর আবাহনীর হয়ে খেলতে ঢাকায় আসবেন তিনি। মার্চের শেষ দিকে আবাহনীর জার্সিতে দেখা যাবে ভারতের হানুমা বিহারীকে। ২০ মার্চের পর আসবেন ভারতের টেস্ট দলের এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষেই আসবেন তিনি। এর আগেও আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ খেলেছেন হানুমা।
বসে নেই মোহামেডানও। বিদেশি ক্রিকেটার পেতে চেষ্টা করছে সাদা-কালো শিবির। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহদের নিয়ে এবার শক্তিশালী দল গড়েছে মোহামেডান। অধিনায়ক ঘোষণা করা হয়েছে মুশফিককে। গতকাল জানা গেছে, পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ প্রিমিয়ার লিগ খেলতে পারেন মোহামেডানের হয়ে। যদিও ক্লাবটির ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান গতকাল বলেছেন, বিদেশি ক্রিকেটার এখনো চূড়ান্ত হয়নি। কয়েক জনের সঙ্গে আলাপ চলছে। চূড়ান্ত হলেই সবাইকে জানানো হবে।
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলতে দেখা যেতে পারে আরেক আফগান ক্রিকেটারকে। অলরাউন্ডার করিম জানাত খেলবেন শেখ জামালের হয়ে। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন তিনি। পরে বাংলাদেশ সফরেও আফগান দলে ছিলেন করিম জানাত।
