সাঈদ সাহেদুল ইসলাম
অনেক মানুষ আজ কুকাজে, মানুষ পোড়ায় আগুনে,
সেই কুকাজের লিস্টটা বড় শেষ করা যায় না গুনে।
মন্দ কাজের জন্য তাদের কেউ বলি তাই—পশু রে,
সেই গালি সব আমার কানে ঠেকছে ভীষণ অ-সুরে।
মানুষকে, যাক, জন্তু বলায়—জন্তু জাতের অপমান,
কারণ, অনেক জন্তু আছে তোমরা যাদের জপ মান।
যেমন, পোষা জন্তু অনেক—হোক সে গরু ছাগলও,
গোস্ত বা দুধ দেয় যখনই আনন্দে কেউ না গলো?
হাতি, ঘোড়া, গাধার কাজেও মানুষ থাকো খুশি তো,
বেড়াল প্রিয়ই; আর কুকুরের ‘বিশ্বাসী’ নাম ভূষিত।
আর বনে সব জন্তু আছে—ব্যালান্সে তাই পরিবেশ,
যাও না ওদের মারতে তুমি এর প্রতিবাদ করি বেশ।
তাই মানুষের খারাপ কাজেও জন্তু তাদের না বলে,
কও অকেজো, দুষ্ট, পচা গাল সে আবোলতাবোলে!
বলতে পারো শয়তান অসুর কিংবা ওদের চেলা সে,
সবাইকে আজ খাঁচায় ভর দেখব ওদের খেলা সে।
এতে জানো, জন্তুকুলের মান থাকে বেশ বজায় রে,
মানুষকে কেউ বললে পশু লেজ মানুষের গজায় রে?
