ইউক্রেনে আগ্রাসনের মাত্রা আরও বাড়াতে সিরিয়ার নাগরিকদের নিয়োগ দিচ্ছে রাশিয়া। এমন দাবি করেছেন মার্কিন সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে ওই কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি। তিনি দাবি করেন, ইউক্রেনে লড়াই করার জন্য বিদেশী সেনাদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে যে তথ্য আমরা পেয়েছি তা বিশ্বাসযোগ্য।
২০১৫ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে একটি সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। যা দেশটির গৃহযুদ্ধের জোয়ারকে বাশার সরকারের পক্ষে নিয়ে যায়।
সোমবার (৭ মার্চ) মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, সিরিয়া থেকে জনবল নিয়োগ করছে রাশিয়া। রুশ সরকারের আশা, সিরীয় নাগরিকরা কিয়েভে লড়াই করতে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাবেন।
এ প্রসঙ্গে সিরিয়ার মানবাধিকার কর্মী ডিয়ের এজর জানান, গত মাসে সিরীয় সরকারকে জনবল সরবরাহ করার প্রস্তাবনা দেয় রাশিয়া। যারা এই প্রস্তাবনায় যোগ দেবেন তাদের বেতন নির্ধারণ করা হয়েছে ২০০ থেকে ৩০০ ডলারের মধ্যে। মূলত তাদের ইউক্রেন নিয়ে ৬ মাসের জন্য গার্ডের চাকরী দেওয়া হবে।
