ইউক্রেনে হামলার জের ধরে পশ্চিমা বিশ্ব থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এতে মস্কোর অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে অনেক রাশিয়ান নাগরিক তাদের সরকারের ওপর অসন্তুষ্ট। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সাধারণ নাগরিকদের মাঝে এসব নিষেধাজ্ঞার প্রভাব বেশি পড়েছে। দেশটির মুদ্রা রুবলের মান কমছে। বিদেশ ভ্রমণ সহ পণ্য এবং অন্যান্য পরিষেবাগুলোর দাম দ্রুত বাড়ছে। রাশিয়া থেকে অন্য দেশে ভ্রমণ করা এখন প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং অন্যান্য পশ্চিমা দেশ রাশিয়ান বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
তবে এর আগেই কয়েক হাজার রাশিয়ান শিক্ষিত লোক দেশ ছেড়ে চলে গেছে। তারা বিভিন্ন পশ্চিমা দেশে আশ্রয় নিয়েছে।
রাশিয়ার বেশ কয়েকটি বড় সুপারমার্কেট তাদের পণ্য বিক্রি সীমিত করেছে। অবস্থা এমন যে, কোনো কোনো দোকানে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ কতটুকু পণ্য একসঙ্গে কিনতে পারবে। রুশ সরকার বলছে, কালোবাজারি লেনদেন ও মূল্যস্ফীতি সীমিত করতেই এ পদক্ষেপ।
রাশিয়ায় পশ্চিমা কোম্পানিগুলোর সেবা বন্ধ করার তালিকাটি আরও দীর্ঘ হচ্ছে। সেন্ট্রাল মস্কোর শপিং সেন্টারে দেখা গেছে, অনেক পশ্চিমা দোকান বন্ধ রয়েছে। অন্যরা কার্ড পেমেন্ট গ্রহণ করা বন্ধ করে দিয়েছে।
