কুমিল্লার মুরাদনগরে মমতাজ (৭০) নামের এক নারীর হাত-পা বাধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ মার্চ) উপজেলার দারোরা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের নিজ বাড়ী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ। তিনি উপজেলার দারোরা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধার চার ছেলে তিন মেয়ে। এদের মধ্যে তিন ছেলে প্রবাসী। অপর ছেলে ঢাকায় থাকেন। তিন মেয়ের বিবাহ হয়েছে। নিজ বাড়িতে তিনি একাই থাকতেন। প্রতিদিনের মতো সকালে বাড়ির বাহিরে গিয়ে তিনি হাটা-হাটি করতেন। কিন্তু মঙ্গলবার তাকে না দেখে পাশের বাড়ির একজন তার ঘরে গিয়ে দেখেন হাত-পা বাধা ও গলাকাটা অবস্থায় পড়ে আছেন তিনি। প্রতিবেশির চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করছি, হাত পা বেধে মমতাজের ঘরের বটি দা দিয়েই তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আশা করছি দ্রুতই হত্যার রহস্য উদঘাটন করতে পারবো।

