বগুড়ার ধুনট ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত এক নেতার নেতৃত্বে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ধুনট সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার ধুনট সদর ইউনিয়নের পাঁচটি ওয়ার্ড (৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর) আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান সমর্থিত নেতাকর্মীরা। এ সময় ৩০-৪০টি চেয়ার ভাঙচুর করা হয়। সম্মেলনের উদ্দেশ্যে সমবেত নেতাকর্মী ইউনিয়ন পরিষদের ভেতরে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালা বলেন, আওয়ামী লীগের এক পক্ষ আরেক পক্ষের অনুষ্ঠানে হামলা করে কিছু চেয়ার ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
