নরসিংদীতে স্কুলছাত্র হত্যার দায়ে ১ জনের যাবজ্জীবন

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৭:২১

দশম শ্রেণির ছাত্র শহিদুজ্জামান ফয়সাল (১৬) কে হত্যার দায়ে আশিক নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন নরসিংদী জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ। এ মামলায় অন্য ১৪ জনকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

বুধবার (৯ মার্চ) নরসিংদীর জেলা ও দায়রা জজ আদালতে এ রায় প্রদান করা হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৫ জুলাই রাতে নরসিংদী সদর উপজেলা মোড় স্টাফ কোয়ার্টারে বসবাসকারী আসাদের ছেলে শহিদুজ্জামান ফয়সালকে তার বন্ধু সানি ফোন করে নিয়ে যায়। তারা দাসপাড়া এলাকায় পৌঁছলে ওত পেতে থাকা আশিকসহ ১০/১৫ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে সানিকে কুপিয়ে আহত করে। এ সময় শহিদুজ্জামান ফয়সাল বন্ধুকে রক্ষা করতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পরে সানি ও ফয়সালকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার ফয়সালকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নিহতের বাবা আব্দুস ছামাদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এমএএম