গোয়ালন্দে যুবকের হাত কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেফতার ২

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৬:৪৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় রিয়াজ শেখ (২৩) নামের এক যুবকের হাত কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় মূলহোতা হুমায়ুন শেখ (১৮) ও সহযোগী ফরহাদ শেখকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। 

বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. শফিকুল ইসলাম। গ্রেফতারকৃত হুমায়ুন গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া শামসুল মাস্টারপাড়ার হাশেম শেখের ছেলে ও ফরহাদ একই এলাকার সালেক শেখের ছেলে। 

শফিকুল ইসলাম জানান, প্রেমঘটিত বিষয় নিয়ে রিয়াজ শেখ ও হুমায়ুন শেখের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ৬ মার্চ সন্ধ্যায় রিয়াজ দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় ঘুরতে আসে। সেখানে আগে থেকে ওত পেতে ছিল হুমায়ুন। এ সময় হুমায়ুন ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে রিয়াজের মাথায় কোপ দিলে রিয়াজ হাত দিয়ে সেটি ঠেকাতে যায়। এতে তার হাতের কনুই ও কবজির মাঝামাঝি স্থান থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। এ কাজে হুমায়ুনকে সহযোগিতা করে ফরহাদ। মঙ্গলবার এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় মামলা করেন রিয়াজের মা ফিরোজা খাতুন। প্রযুক্তি ব্যবহার করে এজাহারনামীয় প্রধান আসামি হুমায়ুন শেখকে কুষ্টিয়া থেকে ও তার সহযোগী ফরহাদ শেখকে ফরিদপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। ঘটনার শিকার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়ার বাবু শেখের ছেলে রিয়াজ শেখ বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ইত্তেফাক/এমএএম