‘বুমেরাং’ ও ‘হাইপারল্যাপস’ অ্যাপ সরিয়ে ফেলেছে ইনস্টাগ্রাম

আপডেট : ১০ মার্চ ২০২২, ১১:০৪

গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ‘বুমেরাং’ ও ‘হাইপারল্যাপস’ অ্যাপ দুটি মুছে দিয়েছে ইনস্টাগ্রাম। ফিচারভিত্তিক আলাদা অ্যাপের বদলে জনপ্রিয় ফিচারগুলোকে একই অ্যাপে একীভূত করার চেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা।

‘মূল অ্যাপে গুরুত্ব দিতে আমরা স্ট্যান্ডঅ্যালোন বুমেরাং ও হাইপারল্যাপস অ্যাপ দুটির সমর্থন সরিয়ে নিচ্ছি’— প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন মূল প্রতিষ্ঠান মেটার এক মুখপাত্র।

‘অ্যাপের (ইনস্টাগ্রাম) স্টোরি ফিচারে বুমেরাং সমর্থন এখনো আছে এবং স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ হিসেবে ‘লেআউট’ এখনো অ্যাপ স্টোরে আছে। ইনস্টাগ্রামে মানুষকে সৃজনশীল হওয়ার এবং মজা করার নতুন নতুন উপায় করে দিতে আমরা কাজ করে যাবো’—যোগ করেন তিনি। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বুমেরাং ও হাইপারল্যাপস অ্যাপ দুটি সরানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইনস্টাগ্রাম।

ইত্তেফাক/এমআর