ঠাকুরগাঁওয়ে সেই ধর্ষণের ঘটনায় মামলা

আপডেট : ১০ মার্চ ২০২২, ১৬:২৫

ঠাকুরগাঁও সদর রুহিয়াতে সন্তানের সামনে মাকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেছেন সেই নারী। বুধবার (১০ মার্চ) ভুক্তভোগী নারী বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুকের আদালতে এ মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী নারী ও তার আইনজীবী অ্যাডভোকেট জাকারিয়া।

মামলার বরাত দিয়ে আইনজীবী জানান, সন্তানের সামনে গণধর্ষণের অভিযোগ এনে মামলার প্রধান আসামি করা হয়েছে রেল গেট কিপার শামিম ইসলাম। অন্য আসামিরা হলেন মো. মেজর, মো. এনামুল হক, উজ্জ্বল দাস, তান্ত্রিক প্রকাশ বর্মন (ঝোল)।  অভিযোগের বিষয়ে তদন্ত করে  রুহিয়া থানার অফিসার ইনচার্জকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩ মার্চ একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান থেকে নানা রকম প্রলোভন দেখিয়ে কৌশলে তিন বছরের সন্তানসহ তাকে রেল ক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান তান্ত্রিক প্রকাশ ঝোল। সেখানে তাকে পূর্বপরিকল্পিতভাবে রাতভর শারীরিক নির্যাতন ও পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা৷ এরপর তাকে ঘটনাটি ধামাচাপা দিতে টাকা দিতে চায় তারা৷ এ সময় মামলা না করার জন্য ভয়ভীতি দেখানো হয় তাকে৷  তাই তিনি আত্মগোপনে ছিলেন।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু বলেন, ‘সাহসিকতার জন্য ওই নারীকে আমি ধন্যবাদ জানাই। তাকে সার্বিক নিরাপত্তা দেবো আমরা। আমি প্রশাসনের সহযোগিতা চাইবো।’

রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, ‘এই ঘটনার পর থেকে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে৷ দুই বার ওই নারীর বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি৷ সমাজের কটূ প্রশ্নের ভয়ে এতদিন তিনি আত্মগোপনে ছিলেন৷ শুনেছি আদালতে মামলা করেছেন। কাগজ পেলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেবে পুলিশ।’

 

ইত্তেফাক/এআই