জ্যোতির্ময় সেন
গরমে চরম জ্বালা সামলানো দায়
তেষ্টাতে শেষটায় ছাতি ফেটে যায়।
ঘাম ঝরে বিশ সের গ্রীষ্মের তাপে
আগুনের আঁখা যেন খাঁখাঁ করে কাঁপে।
নীরব নূপুর পায়ে দুপুরের রোদ
হেঁটে এসে অবশেষে নেয় প্রতিশোধ।
ফুটি-ফাটা বুকে মাটি সুখে নেই মোটে
কান্নার নদী তার ধোঁয়া হয়ে ছোটে।
ঘাতক নিদাঘ ভাঙে চাতকের মন
ফটিক জলের খোঁজে ও যে উচাটন।
বৈরী প্রকৃতি করে তৈরি অসুখ
প্রাণিকুলে, তৃণমূলে ভাষা তাই মূক।
খালে বিলে, ডোবা ঝিলে জল নিঃশেষ,
গ্রীষ্মের এ দৃশ্যে হতবাক দেশ।
