শুরুতে সম্মত ছিলেন দুই ফরম্যাটে খেলবেন। পরেই মন বদল। ওয়ানডে সিরিজে বিশ্রাম চেয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য গোটা সফরটাই এড়াতে চেয়েছেন সাকিব আল হাসান। বিসিবিও কালক্ষেপণ করেনি। সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছে। এই সময়ে আন্তর্জাতিক, ঘরোয়া কোনো ধরনের ক্রিকেটই খেলতে পারবেন না তিনি।
সাকিবকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছিল বিসিবি। যদিও এখন বাঁহাতি এই অলরাউন্ডারের বদলি কাউকে পাঠাচ্ছে না বিসিবি। গতকাল (১০ মার্চ) জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৬ জন ছিল, এখন ১৫ জনই যাবে। কাউকে বদলি হিসেবে পাঠানো হবে না।’ তবে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের সঙ্গী হবেন মোহাম্মদ মিঠুন ও রেজাউর রহমান রাজা। আগামীকাল ঢাকা থেকে কাতারের দোহা হয়ে টেস্ট দলের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চলে যাবেন। গ্যারি কার্স্টেনের একাডেমিতে প্রায় দুই সপ্তাহ অনুশীলন করবেন মুমিনুলরা। সেই ক্যাম্পে থাকবেন ব্যাটার মিঠুন ও পেসার রাজা।
জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন, ‘মিঠুন ও রাজা যাবে। ওরা কেপটাউনে ক্যাম্পে যাচ্ছে। ওখানে অনুশীলন করবে।’ তবে টিম ম্যানেজমেন্ট প্রয়োজন বোধ করলে পরে তাদের টেস্ট শিবিরে অন্তভুর্ক্ত করতে পারবে।
এদিকে, তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে আজ কাতার এয়ারলাইনসের ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। আজ শুক্রবার বেলা পৌনে ১১টার ফ্লাইটে উড়াল দেবে ক্রিকেটারদের প্রথম গ্রুপ। দ্বিতীয় গ্রুপ রাত ১১টায় দেশ ছাড়বে। আগামীকাল ক্রিকেটারদের তৃতীয় গ্রুপের ফ্লাইট বেলা পৌনে ১১টায়।
