দেশে থাই সুইট কর্ন চাষ করে সফল সবজি উৎপাদনকারী কৃষক ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাধবপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের কৃষক মো. আব্দুল বাছির বদু মিয়া। সম্প্রতি ঢাকা খামার বাড়ীতে কৃষি মন্ত্রণালয় আয়োজিত জাতীয় সবজি মেলা- ২০২২-এর সমাপনী দিনে তাকে এ পুরস্কার ও সম্মাননা পত্র দেওয়া হয়।
বৃহস্পতিবার (১০) মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে সরজমিনে গিয়ে কথা হয় কৃষক আব্দুল বাছির বদু মিয়ার সঙ্গে। তিনি জানান, থাইল্যান্ড থেকে বীজ সংগ্রহ করে আধুনিক পদ্ধতিতে সুইট কর্ন চাষ করেছেন বলে নাম দিয়েছেন থাই সুইট কর্ন। তার জমিতে লাল ও সবুজ দুই রঙয়ের সুইট কর্ন দেখা গেছে। চলতি মৌসুমে সুইট কর্ন প্রায় শেষ পর্যায়ে। ঢাকাসহ সারা দেশে এর ব্যাপক চাহিদা থাকায় আবারও ব্যাপক হারে এর চাষাবাদ করবেন বলে বদু মিয়া জানান।
গত ২ মার্চ ঢাকা খামার বাড়ীতে জাতীয় সবজি মেলায় সারা দেশের সরকারি বেসরকারি ১২৬টি সবজির স্টল খোলা হয়েছিল। এর মধ্যে তার স্টলে থাই সুইট কর্ন ছিল ব্যতিক্রম। তাকে দেশে সেরা সবজি উৎপাদনকারী কৃষক ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়েছে।
বর্তমানে ৪৫ বিঘা জমিতে বিভিন্ন সবজির চাষ করছেন। পৈতৃক জমি পেয়েছেন ১০ বিঘা। সবজি চাষ করে এ পর্যন্ত ৬ বিঘা জমি ক্রয় করেছেন। বাকী জমিগুলি জমির মালিকের কাছ থেকে লিজ, জমা ও বন্ধক নিয়ে সবজি চাষাবাদ করছেন।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, বদু মিয়া এলাকার কৃষকদের কৃষি বিষয়ে অনুপ্রেরণা ও পরামর্শ দিয়ে সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন। বদু মিয়ার সহায়তায় অনেক কৃষক সরকারী প্রশিক্ষণ পেয়ে উপকৃত হয়েছে।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান বদু মিয়া নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে পতিত জমি কাজে লাগিয়ে বিষ মুক্ত সবজি চাষ করে সফলতা অর্জন করেছেন। সে শুধু মাধবপুর নয় হবিগঞ্জ জেলার সুনাম বৃদ্ধি করেছে। উৎপাদিত সবজি সংরক্ষণের জন্য মাধবপুরের তেলিয়াপাড়ায় হিমাগার স্থাপনের দাবী জানিয়েছেন কৃষক বদুমিয়া।
