দ্বিতীয় বর্ষে ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৯:৩৬

‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে। বর্ষপূর্তি, বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও সংগঠনের স্মরণিকা উন্মোচন অনুষ্ঠান শুক্রবার বিকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নাট্য ব্যক্তিত্ব এম খালেকুজ্জামান, পুলিশ স্টাফ কলেজের খণ্ডকালীন অনুষদ সদস্য খাঁন সরফরাজ আলী এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক এম ন্যায্যমূল্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ডিএমপির পিওএম এর এডিসি মো. জাহাঙ্গীর আলম।

এ সময় প্রধান অতিথি বলেন, ‘সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ত্রিমাত্রিক ৩০ বিসিএসর সদস্যরা সকল কর্মব্যস্ততা ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে পারস্পারিক অংশীদারিত্ব, পেশাদারিত্ব ও সমৃদ্ধির বন্ধনে থেকে যেসব জনকল্যাণ মূলক কর্মকাণ্ড ও নীতিমালা প্রস্তুত করেছে তা দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’

আরো পড়ুন: জাপানে ১০ দিন টানা ছুটি ঘোষণা করায় ক্ষুব্ধ কর্মজীবীরা!

বিশেষ অতিথি ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমি এর সঙ্গে সম্পৃক্ত। সংগঠনটির নানামুখী সামাজিক কর্মকাণ্ড সমাজে বিশেষ অবদান রাখছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে ৩০তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সমন্বয়ে এই কো-অপারেটিভের যাত্রা শুরু করে। পরে বিগত এক বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস। সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প, ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ে থাকে।’

এর আগে অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির পরিচিতি তুলে ধরেন সংগঠনের সেক্রেটারি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের সার্বিক কর্মকাণ্ড উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি ডা. মো লতিফুল বারী।

ইত্তেফাক/বিএএফ