করোনায় এই পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু ঢাকায়, সর্বনিম্ন ময়মনসিংহে  

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৭:৪৫

করোনায় এই পর্যন্ত দেশে ২৯ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ৭৮৮ জনের মৃত্যু হয়েছে। আর সর্বনিম্ন ৮৭৯ জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহে বিভাগে। শুক্রবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৮৬০ জন, রাজশাহীতে ২ হাজার ১৩৯ জন, খুলনায় ৩ হাজার ৭১৬ জন, বরিশালে ৯৮১ জন,   সিলেটে ১ হাজার ৩২৬ জন ও রংপুরে ১ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে।

আরও বলা হয়, দেশে শুক্রবার (১১ মার্চ) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাসের প্রতীকী ছবি।

একই সময়ে ১৩ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষায় ২৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৮৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/এএএম