দৌলতদিয়া ঘাটে ৬ কিলোমিটার যানজট

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৮:৫৯

দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড পর্যন্ত ৬ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১১ মার্চ) দুপুর থেকে এ যানজটের সৃষ্টি হয়।

একদিকে পদ্মার পানি কমে গিয়ে নাব্যতার সংকট দেখা দিয়েছে। অন্যদিকে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের চাপে দৌলতদিয়া ঘাট প্রান্তে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। ফলে মহাসড়কের ওপর দীর্ঘ সময় আটকে থাকায় ভোগান্তিতে পড়েছে পণ্যবাহী ট্রাকচালক ও যাত্রীরা।

দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড পর্যন্ত ৬ কিলোমিটার এলাকাজুড়ে প্রায় সাড়ে ৬০০ পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। দূরপাল্লার বাস ও পচনশীল দ্রব্যের যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপার হতে পারলেও পণ্যবাহী ট্রাকগুলোকে ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে আটকে থাকতে হচ্ছে।

দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবি: ইত্তেফাক

কালীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পণ্যবাহী ট্রাকচালক আলামিন শেখ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারির কাছে এসে সিরিয়ালে আটকে পড়েছি। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দীর্ঘ ১২ ঘণ্টা অপেক্ষার পর লঞ্চঘাটের টার্নিং পয়েন্টে এসে পৌঁছেছি। ফেরি পেতে আরও দেড় দুই ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে তিনি জানান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কপোর্রেশন (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্য চৌহান বলেন, নদীতে নাব্যতা সংকটের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ফেরিতে লোড-আনলোডে অনেক সময় লেগে যাচ্ছে। এছাড়া অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে। বর্তমানে এ নৌরুটে ২০ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

ইত্তেফাক/এএএম