বইমেলায় সৈয়দ মুহাম্মদ জুবায়েরের ‘ঘুড্ডি ভোকাটা’ 

আপডেট : ১২ মার্চ ২০২২, ০০:৩৪

অমর একুশে বইমেলায় এসেছে নাট্যশিক্ষক ও অভিনেতা সৈয়দ মুহাম্মদ জুবায়েরের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘ঘুড্ডি ভোকাটা’। এতে রয়েছে ভিন্ন ভিন্ন বিষয় ও আঙ্গিকে রচিত মোট ১০টি ছোট গল্প।

গল্পগুলোতে করোনাকলীন সময়ে মানুষের জীবনযাপন, টিকে থাকা-না থাকা এবং প্রেম-অপ্রেম —এ সব কিছু উঠে এসেছে। অতিমারির কবলে পরে মানুষ তার নিজের ভেতরের সত্যকে যেমন আবিষ্কার করেছে তেমনই বাস্তবতার অসহায়ত্বও বুঝতে পেরেছে। আকাশে বহু ঘুড়ির মধ্যে হুট করে একটা ঘুড়ি যখন কেটে হেলে-দুলে উড়ে যায় তার কিছু সুতার অংশ নিয়ে। মানুষ এই করোনায় হুট করে তাদের ভালোবাসার মানুষদের সুতার অংশ নিয়ে চলে গেছে। তারপরও মানুষ টিকে থাকে নতুন কোনো আশায়, নতুন কোনো ভালোবাসায়।

 ‘ঘুড্ডি ভোকাটা’তে রয়েছে ভিন্ন ভিন্ন বিষয় ও আঙ্গিকে রচিত মোট ১০টি ছোট গল্প  

বইটির প্রত‍্যেকটি গল্পে পাঠককে নতুনতর এক ভাবনার মুখোমুখি করার, জীবনকে নতুন এক দৃষ্টিতে পর্যালোচনা করার তাগিদ লক্ষ্য করা যায়। যা পাঠকের মনে এক নতুনতর বোধের সঞ্চার করে, অন‍্যরকম ভাবাদর্শে আকৃষ্ট করে।

বইটি সৈয়দ মুহাম্মদ জুবায়েরের দ্বিতীয় গল্পের বই। বইমেলায় আদর্শ প্রকাশনীর ৩৩৩-৩৩৬ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। রংপুরের ছেলে সৈয়দ জুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ থেকে অনার্স  ও মাস্টার্স সম্পন্ন করে পরবর্তীতে টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ থেকে মাস্টার্স করেন। বর্তমানে তেজগাঁও কলেজে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষকতা করছেন। লেখালেখির পাশাপাশি মঞ্চ -চলচ্চিত্রে অভিনয় এবং নির্দেশনাতেও নিজেকে নিয়োজিত রেখেছেন। তার প্রথম গল্পের বই ‘কাল্পনিক বাস্তবতা’ ২০২০ সালে অমর একুশে বইমেলায় প্রাকশিত হয়েছিল।  
 

 

ইত্তেফাক/আরএম