কিয়েভ আক্রমণে পুনরায় সংগঠিত হচ্ছে রুশ বাহিনী

আপডেট : ১২ মার্চ ২০২২, ০২:০৮

ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমে নতুন করে সংগঠিত হচ্ছে রুশ বাহিনী। স্যাটেলাইট থেকে পাঠানো ছবিতে এমনটাই দেখা গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ব্রিটেনও জানিয়েছে, মস্কো কিছুদিনেই মধ্যেই কিয়েভে আক্রমণের পরিকল্পনা করছে।

তবে বেসরকারি মার্কিন উপগ্রহ কোম্পানি মাক্সারের সাম্প্রতিক ছবি বলছে, রুশ সাঁজোয়া যানের ইউনিটগুলো এখন কিয়েভের উত্তর-পশ্চিমের হোস্তমেলে অবস্থিত আন্তোনভ বিমানবন্দরের কাছের এলাকাগুলোতে ঢুকে পড়েছে ও চলাচল করছে।

রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী তুমুল যুদ্ধ চলছে গত ২৪ ফেব্রুয়ারি রুশ অভিযান শুরুর পর থেকেই। 

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সম্পর্কে রয়টার্সকে বলেন, ‘রাশিয়া সম্ভবত সামনের দিনগুলোতে হামলার নতুন পরিকল্পনা সাজাচ্ছে। এজন্যই সামরিক বাহিনীকে পুনরায় সংগঠিত করা হচ্ছে। রাশিয়ার এই নতুন পরিকল্পনায় কিয়েভ অভিযানও আছে।’

বড় ধরণের ক্ষয়ক্ষতির ধাক্কা সামলে রুশ বাহিনী নতুন করে সংগঠিত হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে এক বিবৃতিতে দেশটির সামরিক কর্মকর্তারা আরো জানান, রুশ বাহিনীকে তারা বেলারুশ সীমান্তের কাছে পলিস্কি গ্রামে ‘প্রতিকূল অবস্থায়’ এবং কিয়েভের দিয়ে অগ্রসরমান প্রধান রুশ বহরের পেছনে পাঠিয়ে দিয়েছেন।

ইত্তেফাক/এএইচপি