মেহেদির রং না মুছতেই আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১২ মার্চ ২০২২, ০৯:৩৯

ইয়াসমিন আক্তার (২১) লাল শাড়ি পরে নববধূ সেজে বিয়ে হয়েছে এক মাসও হয়নি, মুছেনি তার হাতের মেহেদির রং। এরই মধ্যে গতকাল শুক্রবার (১১ মার্চ) ভোরে স্বামীর ঘরে আগুনে পুড়ে দগ্ধ হয়ে তিনি মারা গেছেন। ইয়াসমিন কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামের রেজাউল করিমের স্ত্রী। তার বাবার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদের উদ্দেশে ঘর থেকে বের হয়ে যান ইয়াসমিন আক্তারের স্বামী রেজাউল করিম। এ সময় ঘরে একাকী ঘুমিয়ে ছিলেন নববধূ ইয়াসমিন। কিছুক্ষণ পর তার ঘরে হঠাত্ বিস্ফারণ ঘটে এবং ঘরে আগুন ধরে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ি ও আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলেও তারা আগুন নেভাতে পারেনি। ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা ইয়াসমিন আগুনে পুড়ে চিরঘুমে চলে যান। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ আগুনে পোড়া ঐ ঘর থেকে ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে। বরুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফারণ কিংবা এর আগে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লেগে এ ঘটনা ঘটে থাকতে পারে। প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।’ সন্ধ্যায় বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ‘মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

ইত্তেফাক/ ইআ