নতুনত্ব নিয়ে ফিরছে জাতীয় স্কুল ক্রিকেট

আপডেট : ১২ মার্চ ২০২২, ১১:৩০

করোনা ভাইরাসের ধাক্কা পেরিয়ে সম্প্রতি দেশব্যাপী স্কুলগুলোতে প্রাণ ফিরেছে। এবার সারা দেশের স্কুলগুলোর জন্য ক্রিকেট আনন্দের উপলক্ষ্য নিয়ে হাজির হচ্ছে বিসিবির বয়সভিত্তিক টুর্নামেন্ট। সবকিছু ঠিক থাকলে এক বছর বিরতির পর মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির সবচেয়ে বড় টুর্নামেন্ট জাতীয় স্কুল ক্রিকেট।

এপ্রিলের প্রথম সপ্তাহেই টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা চলছে। সম্ভব হলে মার্চের শেষ দিকেও এগিয়ে আনা হতে পারে। ২০২০ সালে করোনার থাবায় সবকিছু থমকে যাওযার আগে স্কুল ক্রিকেটের জেলা পর্যায়ের খেলা শেষ হয়েছিল। বাকি ছিল বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ম্যাচগুলো। পরে সেই টুর্নামেন্ট আর হয়নি। ২০২১ সালে স্কুল ক্রিকেট হয়নি করোনার কারণে।

স্কুল ক্রিকেটের সঙ্গে পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক লিমিটেডের ছয় বছরের চুক্তি শেষ হয়েছে। গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, নতুন করে আবারও চার বছরের জন্য টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে প্রাইম ব্যাংক। এবার টুর্নামেন্টে কিছুটা নতুনত্ব নিয়ে আসতে চান বিসিবির এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ওবেদ রশিদ নিযাম। বিশেষ করে প্রযুক্তির ছোঁয়া লাগতে যাচ্ছে স্কুল ক্রিকেটে। অংশগ্রহণকারী ক্রিকেটারদের ডেটাবেজ তৈরি করা হবে। সবার পৃথক শনাক্তকরণ নাম্বার থাকবে। তাদের তদারকি করা হবে স্নাতক পাশ অব্দি। স্কুলগুলোর জন্য টুর্নামেন্টে অংশগ্রহণের একটা মানদণ্ডও তৈরি করা হয়েছে। যা উতরেই টুর্নামেন্টে খেলার টিকিট পাবে স্কুলগুলো।

গতকাল জানতে চাইলে ওবেদ রশিদ নিযাম বলেন, ‘সব প্রক্রিয়া চলছে, শুরু করার জন্য। কিছু কিছু কাজ আমাদের বাকি আছে। যারা অংশ নেবে তাদের কোয়ালিফাই করতে হবে। এবার আমরা চিন্তা করছি, মনোযোগ দেওয়া হবে কোয়ালিটির ওপরে। কীভাবে কোয়ালিটি বাড়ানো যায়? স্কুলগুলোকে যাচাই-বাছাই করা হবে, তাদের ফ্যাসিলিটিজ দেখা হবে, স্কুল ক্রিকেটের প্রতি তাদের মনোযোগ কেমন, সব মিলিয়ে কোয়ালিফাই করা হবে।’

প্রযুক্তির ব্যবহারে টুর্নামেন্টকে ডিজিটালাইজড করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন ওবেদ রশিদ নিযাম। বিসিবির এ পরিচালক গতকাল বলেছেন, ‘আমি দায়িত্ব নিয়েছি দুই মাস হলো। কিছু পরিবর্তন আনতে কাজ করছি। ডেটাবেজ তৈরি করছি। যে খেলোয়াড়গুলো এখন অংশগ্রহণ করবে, তাদের ডেটাবেজ আমাদের থাকবে। তাদের গ্র্যাজুয়েশন পর্যন্ত মনিটর হবে। এটা আগে কখনো হয়নি। প্রত্যেকের আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে। সেই নাম্বার দিয়ে আমরা তাকে খুঁজে বের করতে পারব। কেন সে এইজ গ্রুপ লেভেলে সিলেক্ট হয়নি, এটা বের করা হবে।’ 

ইত্তেফাক/ ইআ