চালন্দা গিরিপথে ঘুরতে গিয়ে শনিবার দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫০ শিক্ষার্থী। এ সময় ছিনতাইকারীদের রামদার আঘাতে অন্তত ১৫ শিক্ষার্থী শিক্ষার্থী হয়েছেন।
এদিকে ঘটনার পর বিকাল সাড়ে ৩টার থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- বাশখালীর উপজেলার বসিন্দা আবুল হোসেন (২৮) ও চবির রেলক্রসিং এলাকার সরোয়ার মিয়া (৩০)।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান, যোগাযোগ ও সাংবাদিকতা এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ৫০ জন শিক্ষার্থী সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী চালন্দা গিরিপথ যান। ফেরার পথে তারা সকলে ছিনতাইয়ের শিকার হন। এ সময় তাদের কাছ থেকে কমপক্ষে ২৫টি মোবাইল, হাতঘড়ি, তাদের সঙ্গে থাকা টাকা ও ব্যাগ কেড়ে নেয়। ছিনতাইয়কারীরা অন্তত ১৫ জন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে। তাদের মধ্যে গুরুত্বর জখম হন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনোয়ার হোসেন, সৈরভ এবং মনিরুজ্জামান মনির। আহতরা চবি মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চবি মেডিক্যাল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা কামাল হোসেন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আনোয়ার নামের একজনের মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ছিনতাই ও হামলার শিকার কয়েকজন শিক্ষার্থী জানান, তাদের ফেরার সময় প্রায় ১৫ জন লোক প্রথমে ফাঁকা গুলি ছোড়ে এবং সবাইকে লাইন দাঁড়াতে বলে। তাদের কয়েক জনের হাতে অগ্নেয়াস্ত্র ও বাকীদের কাছে রাম দা ছিল। পরে তাদের কাছ থেকে টাকাসহ কমপক্ষে ২৫ টি মোবাইল ফোন নিয়ে নেয়। আনোয়ার নামে এক বড়ভাই তাদের সঙ্গে কথা কাটাকাটি করলে তাকে মাথায় ও হাতে কোপ দেয়। এ ছাড়া ১৫ জনকে মারধর করে তারা।
আরো পড়ুন : যশোরে শিশুকে যৌনপীড়ন, প্রতিবাদে বিক্ষোভ
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘আমরা ঘটনা শোনার পরেই অভিযান চালাই। এ সময় সন্দেহজনক দুইজনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে যাচাই বাছাই করা হবে। তার প্রেক্ষিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, চালন্দা গিরিপথ ঘুরতে এসে শিক্ষার্থীরা প্রায় ছিনতাইয়ের শিকার হয়। এখানে মোবাইলের নেটওয়ার্ক ঠিকমত কাজ করে না। নিরাপত্তার স্বার্থে দুর্গম এ এলাকায় শিক্ষার্থীদের না যাওয়ায় ভালো। কারণ এটি বিশ্ববিদ্যালয় সীমানার মধ্যে পড়ে না।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়ির পাশেই পাহাড় থেকে নেমে এসেছে পানির ঝরনা; যার উৎপত্তিস্থলের দিকটি ছড়ার পানি নামে পরিচিত। আর এই ছড়ার পানি দিয়ে পশ্চিম দিকে প্রায় ৫০ মিনিটের মতো হাটলে দক্ষিণে দেখা যাবে রহস্যঘেরা চালন্দা গিরিপথ।
ইত্তেফাক/ইউবি
