দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন সাকিব

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৪:৩২

অনেক জল্পনা-কল্পনার পর সাকিব আল হাসানকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু পরবর্তীতে মানসিক কারণ দেখিয়ে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। এখন আবার সিদ্ধান্ত বদল করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য তিনি অ্যাভইলেবল।

আজ শনিবার (১২ মার্চ) দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সাকিব আল হাসান। একই কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপানও। তার আগে দুজনের মধ্যে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ‘আমি তিন ফরম্যাটের জন্যই অ্যাভইলেবল, দক্ষিণ আফ্রিকা সিরিজ সহ।’ পরে বিসিবি বসও একই কথা বলেন। সিদ্ধান্ত মোতাবেক, আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন সাকিব। সেখানে গিয়ে দলের সঙ্গে দেবেন।

এর আগে সম্প্রতি ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে সাকিব বলেছিলেন, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক অবস্থা এখন তার নেই। দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে চান না। পরে এ নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েন সাবেক এই অধিনায়ক।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি সাকিবের অন্যতম কাছের মানুষ বলে পরিচিত বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও ক্ষোভ জানান। বলেছিলেন, এ বিষয়ে ফুলস্টপ টানার এখনই সময়।

এরপর সাকিবের সঙ্গে ফোনে আলাপ-আলোচনা করে তাকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয় বিসিবি। ফলে তাকে ছাড়াই তিন গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছে বাংলাদেশ দল। এখন সিদ্ধান্ত বদল করায় সাকিবও যাচ্ছেন সেখানে। তবে তাকে একা যেতে হচ্ছে।

ইত্তেফাক/টিএ