করোনা আসার পর থেকে গত দুই বছর ধরে ক্রিকেটারদের জন্য নিয়মিত খেলা চালিয়ে যাওয়াটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মূল সমস্যাটা বায়োবাবল বা জৈব সুরক্ষা বলয়ের কারণে। এর বাইরে একের পর এক সিরিজ ও টুর্নামেন্ট তারা খেলে যাচ্ছে। এতে মানসিকভাবে অনেকটাই চাপে থাকতে হচ্ছে তাদের। সাকিব আল হাসানও সেই সমস্যায় ভুগছেন।
এই কারণ দেখিয়েই দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে এখন আবার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। অনেক নাটকীয়তা শেষে তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। আগামীকাল রবিবার রাতে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়বেন সাকিব। আজ শনিবার মিরপুরে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ‘পরশুদিন রাতে পাপন ভাইর সঙ্গে কথা হয়েছে, কালকেও (গতকাল) কথা হয়েছে, আজকেও বোর্ডে কথা হয়েছে। আমরা পুরো বছরের পরিকল্পনা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি, আমি তিনটা ফরম্যাটেই অ্যাভলেইবল থাকবো সবসময়।’
ছুটির ব্যাপার নিয়ে তিনি বলেন, ‘বোর্ড অবশ্যই সিদ্ধান্ত নেবে যে, কোন সময় আমাকে বিশ্রাম দেওয়া জরুরি কিংবা দেওয়া দরকার। সেটা বোর্ড সবসময় সিদ্ধান্ত নেবে এবং সেটা এই দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই। আমি দক্ষিণ আফ্রিকা সিরিজেও অ্যাভলেইবল।’
সাকিব তার বর্তমান মানসিক অবস্থা নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘দেখুন কোনো জিনিস তো আসলে এক-দুই দিনে পরিবর্তন করা পসিবল না। এখন আমি ভালো অবস্থানে আছি। যেহেতু, আমি জানি, পুরা সময় আছে আমার সামনে। আর দক্ষিণ আফ্রিকার প্রাকৃতিক পরিবেশে গেলে হয়তো আরও ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করি সেরকম কিছু হবে, ভালোভাবে। দলের জন্যও ভালো পারফর্ম করতে পারবো।’
