গাজীপুরের কাপাসিয়ায় এক এইচএসসি পরীক্ষার্থীর শরীরে এসিড নিক্ষেপ করেছে বখাটেরা। শনিবার বিকেলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তরাগাঁও খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থী এবার আড়াল জিএল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এ ঘটনায় সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ। সাগর উপজেলার আড়াল গ্রামের আলমগীর বেপারীর ছেলে।
ওই শিক্ষার্থীন পিতা বলেন, ‘আমার মেয়ে কাপাসিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে বাড়িতে যাবার পথে পূর্ব শত্রুতার কারণে প্রতিবেশিরা তরগাঁও খেয়াঘাটে পথরোধ করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কাপাসিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আমি ও আমার পরিবারের লোকজন হাসপাতালে যায়।’
আরো পড়ুন : কুকুরের পশমের চেয়ে মানুষের দাড়িতে বেশি জীবাণু: গবেষণা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহমুদা ফেরদৌসি বলেন, ‘ওই শিক্ষার্থীর দুই হাতে এসিড লেগেছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।’
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারনা করছি কেমিক্যাল বার্নে এ আক্রান্ত হয়েছে। পরীক্ষার্থীর পিতা বাদী হয়ে এজাহার দিয়েছেন। একজনকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/ইউবি
