নারীদের প্রাধান্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে: এনামুল হক শামীম

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৪:০১

নারীদের প্রাধান্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেছিলেন। এরপর থেকেই নারীদের অধিকার নিয়ে বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করা হয়। মূলত বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশে নারী অধিকার ও নারীর ক্ষমতায়নের প্রক্রিয়া শুরু হয়। নারীরা এখন সব জায়গায় কাজ করছেন। প্রত্যেকটি জায়গাতেই তারা ভালো করছেন। 

রবিবার (১৩ মার্চ) সকালে শরীয়তপুরের সখিপুর থানা যুব মহিলা লীগের বিশেষ বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নারীরা এখন সব জায়গায় কাজ করছেন। প্রত্যেকটি জায়গাতেই তারা ভালো করছেন। নারীরা শুধু অনুপ্রেরণাই দেয় না, নেতৃত্ব দেয় ও কর্তৃত্ব করে। আর এ নারী উন্নয়ন ও ক্ষমতায়নের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মক্ষেত্রে পুরুষের থেকে নারীদের আন্তরিকতা বেশি দেখা যায়। এ চর্চা মূলত পরিবার থেকেই শেখেন নারীরা। নারীদের প্রতি যোগ্য সম্মান ও আস্থা রাখা গেলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। আজকে নারীরা রাজনীতি, বিমান, সেনাবাহিনী, আদালত সবখানে অনেক ভালো করছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা সারা বিশ্বেই প্রশংসিত হচ্ছে। দেশকে এগিয়ে নিতে চালিকাশক্তি হিসেবে কাজ করছেন নারীরা।

এনামুল হক শামীম বলেন, নারী উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার যত কাজ করেছে অন্যকোনো সরকার এত কাজ করেনি। বাংলাদেশে আরও নেত্রী আছে, তারা নারী উন্নয়নের জন্য কিছুই করেনি। নারীর উন্নয়নের জন্য বিএনপি ও তাদের নেত্রী খালেদা জিয়াও কোনো কাজ করেনি। উনারা শুধু নিজের উন্নয়নের জন্য করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যেভাবে নারী উন্নয়ন হয়েছে এটি পৃথিবীর সামনে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করা হয়। আজ থেকে ১৫-২০ বছর আগে কেউ ভাবেনি একজন নারী ডিসি-এসপি হবেন। কিন্তু আজ বাংলাদেশের অনেক ইউএনও হচ্ছে নারী, অনেক জেলার ডিসিও নারী। তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন।সরকারি ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নয়, গ্রামগঞ্জে সবখানে নারীর ক্ষমতায়ন হয়েছে।

সখিপুর থানা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি রোকসানা চৌকিদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহিদা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কোহিনুর সুলতানা দোলা, যুগ্ম সাধারণ সম্পাদকও সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জ্বামান মানিক সরদার, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির মাদবর, থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাসেল আহম্মেদ পলাশ, মহিলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারা বেগম প্রমুখ।

ইত্তেফাক/এমএএম