কাপাসিয়ায় ছুরিকাঘাতে নিহত ৩ 

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৪:১৭

গাজীপুরের কাপাসিয়ায় ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। শনিবার (১২ মার্চ) রাতে সনমানিয়া এলাকায় এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও এলাকার মৃত হিরনের ছেলে রবিন (১৫), মো. আলমের ছেলে ফারুক (২৫) ও নাইয়ুম (১৫)। এছাড়া অপর দু'জন আহত হয়েছে। তাদের একজন ইসমাইলের ছেলে হৃদয় অপর জনের পরিচয় জানা যায়নি। হতাহতদের ঢাকা ও কাপাসিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি এসএম নাসিম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা স্থানীয়ভাবে দুজন নিহতের খবর পেয়েছি। ঢাকায় একজনের মৃত্যুর খবর আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। দুজনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এআই