ময়মনসিংহের মুক্তাগাছায় ভিনদেশি ‘জাবুটিকাবা’ গাছের কাণ্ডে ফুটেছে থোকায় থোকায় ফুল ও ফল । ইতিমধ্যে এসব গাছ থেকে ৪০ কেজি ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করা হয়েছে । দেশি ফল জামের মত গড়ন । মিষ্টি স্বাদের ফলের ভেতর ছোট দানার বীজ থাকে । একাংশে খোসা ছাড়িয়ে বা ছিদ্র করে জুসের মত খাওয়া যায়।
ফুলের রং সাদা। ফুল থেকে সবুজ রংয়ের কচি দানায় রূপান্তরিত হয়। ফল আসার আগে পাতা ঝড়ে যায়। ফল সবুজ রঙ থেকে ধীরে ধীরে কালো বর্ণ ধারণ করে। পরিপুষ্ট হয়ে খাওয়ার উপযোগী হতে সময় লাগে এক মাসের মত।
মুক্তাগাছা বিএডিসি উদ্যান উন্নয়ন কেন্দ্রে ২০০৬ সালে চারটি জাবুটিকাবার চারা গাছ রোপণ করা হয় । গাছে ফলন আসে ৭ বছর আগে। চলতি সপ্তাহে দুটি গাছ থেকে ফল সংগ্রহ করা হয়েছে। প্রতিটি গাছে ফল ধরে প্রায় পঞ্চাশ কেজি। মার্চ মাসে ফল পরিপক্ব হয়। ৪০ কেজি জাবুটিকাবা ফল সংগ্রহ করে ২০০ টাকা কেজি দরে বাজারে বিক্রি করা হয়েছে।
মুক্তাগাছা বিএনডিসি উদ্যান উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ আসিফ ইকবাল ছাকী জানান, ২০০৬ সালে ব্রাজিল থেকে বীজ সংগ্রহ করা হয়। সারাদেশে বিএনডিসির ৯টি হটিক্যালচার এবং ৫৩টি ফার্মে জাবুটিকাবার চাষ শুরু হয়। চলতি মৌসুমে ৫ শতাধিক চারা বিক্রি হয়েছে। প্রতিটি চারার দাম ২০০ টাকা । ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, নান্দাইল, নেত্রকোনার কেন্দুয়া, মোহনগঞ্জ থেকে সৌখিন চাষিরা এসে চারা কিনে নিয়ে গেছেন। জাবুটিকাবা চাষে কীটনাশকের প্রয়োজন পড়ে না ।
