করাচি টেস্ট কোন দিকে যাচ্ছে, তা এখনো বলা যাচ্ছে না। কারণ, দুই দিন শেষ হয়ে গেলেও এখনো ইনিংস ঘোষণা করেনি সফরকারী অস্ট্রেলিয়া। আজ রবিবার (১৩ মার্চ) দ্বিতীয় দিন শেষে তাদের স্কোরবোর্ডে সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৫০৫ রান।
২৮ রানে ব্যাট করছেন মিচেল স্টার্ক ও শূন্য রানে অপরাজিত অধিনায়ক প্যাট কামিন্স। তারা কাল আবারও ব্যাটিংয়ে নামবেন। অন্যদিকে, দুই দিন মিলিয়ে ১৮০ ওভার বল করেও অজিদের অলআউট করতে পারেনি স্বাগতিক পাকিস্তানের বোলাররা। ফাহিম আশরাফ ও সাজিদ খান ২টি এবং হাসান আলি, নোমান আলি ও বাবর আজম একটি করে উইকেট নেন। ৩০ ওভার বল করে ৮৫ রান খরচ করলেও এখনো উইকেট শূন্য শাহিন শাহ আফ্রিদি।
ব্যাট হাতে ১৬০ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছেন অজি ওপেনার উসমান খাজা। ৩৬৯ বলে সাজানো তার উইলোটি বিশেষ হওয়ার কারণ, এটি পাকিস্তান ও করাচির মাটিতে। এই শহরেই খাজার আদিভূমি। তার বাবা-মা এবং পূর্বপুরুষ সবাই করাচিতে জন্ম এবং এখানেই বেড়ে ওঠা। ছোটবেলায় খাজাও এখানে এসেছিলেন। তাই সেঞ্চুরিটা তার জীবনের অন্যতম সেরা হয়েই থাকবে।
এছাড়া অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি। ব্যক্তিগত ৯৩ রানের সময় পার্টটাইম বোলার পাক অধিনায়ক বাবর আজমের বলে বোল্ড হয়ে ফিরে যান। স্টিভ স্মিথ ৭২, ডেভিড ওয়ার্নার ৩৬, নাথান লায়ন ৩৮, ক্যামেরুন গ্রিন ২৮ ও ট্রেভিস হেড ২৩ রান করেন।
