ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনীর বিশেষ শাখা রেভল্যুশনারি গার্ড। তাদের দাবি, ইরবিলে অবস্থিত ইসরায়েলের বিভিন্ন ‘কৌশলগত স্থাপনা’ লক্ষ্য করেই হামলাগুলো চালানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
জানা যায়, রবিবার (১৩ মার্চ) এক বিবৃতিতে ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে রেভল্যুশনারি গার্ড। এতে বলা হয়, এর বিরুদ্ধে কোনো হামলার চেষ্টা হলে কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে।
আল জাজিরা জানায়, রবিবার স্থানীয় সময় সকালে ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এসময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলায় নানা স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও, কেউ নিহত হননি। তবে বেসামরিক এক ব্যক্তি আহত হয়েছেন।
অন্যদিকে এ হামলাকে ‘ভয়াবহ’ উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেন, ইরবিলে মার্কিন কনস্যুলেটের নতুন ভবন লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। তবে কোনো মার্কিন আহত হননি। তাঁদের কোনো স্থাপনাও ক্ষতির মুখে পড়েনি। তেহরানের বিবৃতি প্রকাশের আগে ওই হামলার জন্য ইরানকে দায়ী করেন তিনি। তবে এ নিয়ে তিনি খোলাসা করে কিছু বলেননি।
