কাল জাতীয় শোক, পোশাক কারখানা বন্ধ

আপডেট : ২৬ নভেম্বর ২০১২, ১৯:২৩
ঢাকা: আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড এবং চট্টগ্রামের বহদ্দরহাটে ফ্লাইওভারের গার্ডার ধসে হতাহতের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। শোক দিবস উপলক্ষে সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বন্ধ থাকবে সব পোশাক তৈরির কারখানা। এছাড়া ধর্মীয় উপসনালয়গুলোতে নিহতদের স্মরণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এদিকে, আশুলিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার সকাল থেকে শোক পালন এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আশুলিয়া এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করছেন। বিক্ষোভের কারণে ওই এলাকার সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আশুলিয়া শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় লাগা আগুনে আগুনে আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন গার্মেন্টের ১১০ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অন্যদিকে, চট্টগ্রামের বহদ্দরহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে।