মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৬০ হচ্ছে

আপডেট : ২৬ নভেম্বর ২০১২, ১৯:২৭
ঢাকা: মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার সম্মান হিসেবে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স ৬০ বছর করা হচ্ছে। এ জন্য ‘দি পাবলিক সার্ভেন্ট (অবসর) (সংশোধন) আইন, ২০১২’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘দি পাবলিক সার্ভেন্ট (অবসর) (সংশোধন) আইন, ২০১২’ এর খসড়া আইন মন্ত্রণালয়ের ভোটিংয়ের জন্য পাঠানো হবে। তিনি বলেন, “একসময় সব সরকারি চাকরিজীবীর অবসরের বয়স ৫৭ বছর ছিল। ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স দু’বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সম্মান হিসেবে এ চাকরির মেয়াদ বাড়ানো হয়। পরবর্তী সময়ে ২০১১ সালের ২৬ ডিসেম্বর সব সরকারি চাকরিজীবীর অবসরের বয়স দু’বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়।” তিনি বলেন, “এ প্রেক্ষাপটে সরকার বিষয়টি পর্যালোচনা করে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স আরো এক বছর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এজন্য মুক্তিযোদ্ধাদের চাকরি থেকে অবসরের বয়স ৬০ বছর করে ‘দি পাবলিক সার্ভেন্ট (অবসর) (সংশোধন) আইন, ২০১২’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগে ২১ নভেম্বর মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী।” কবে থেকে মুক্তিযোদ্ধারা এ সুবিধা পাবেন জানতে চাইলে সচিব বলেন, সংশোধিত আইন জারি করার দিন থেকেই এ সুবিধা কার্যকর হবে।